সারাবিশ্ব

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:০৭ পিএম

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি
আলিরেজা আরাফি। ছবি: সংগৃহীত

ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে (লিডারশিপ কাউন্সিল) জুরিস্ট বা আইনজ্ঞ সদস্য হিসেবে আলিরেজা আরাফি নির্বাচিত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন এক্সপিডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি।

আয়াতুল্লাহ আলি খামেনি শহীদ হওয়ার পর সংবিধান অনুযায়ী দেশ পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখতে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়। এতে সদস্য হিসেবে রয়েছেন-ইরানের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদ। সেই আইনবিদ সদস্য হিসেবেই আলিরেজা আরাফিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি জানিয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের সাংবিধানিক দায়িত্ব রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস–এর ওপর।

অস্থায়ী লিডারশিপ কাউন্সিলে আলিরেজা আরাফি দায়িত্ব পালন করবেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই–এর সঙ্গে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিবিএস নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির মৃত্যুর পর ইরানের পক্ষে কে সিদ্ধান্ত নিচ্ছেন, তা তিনি ‘সঠিকভাবে জানেন’, তবে তা প্রকাশ করবেন না।

ইরানের নেতৃত্বে কাকে দেখতে চান-এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় কিছু ভালো প্রার্থী আছেন।’
খামেনির স্থলাভিষিক্ত কে হবেন-এই প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমি জানি না। তবে একসময় তারাই আমাকে ফোন করে জিজ্ঞেস করবে, আমি কাকে চাই।’