সারাবিশ্ব

তেহরানের গোপন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:২৭ এএম

তেহরানের গোপন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি গোপন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ওই স্থাপনায় গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান প্রস্তুত করা হচ্ছিল। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে তাদের গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট বিজ্ঞানীদের কার্যক্রম পর্যবেক্ষণ করছিল। গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিজ্ঞানীদের নতুন অবস্থান শনাক্ত করার পরই তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই গোপন কমপাউন্ডে সুনির্দিষ্ট হামলা চালানো সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট বিজ্ঞানীরা ভূগর্ভস্থ এই স্থাপনায় কাজ করছিলেন এবং তারা পূর্বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জুন মাসে চালানো হামলার পর নিরাপত্তার কারণে সেখানে স্থানান্তরিত হয়েছিলেন। নতুন এই স্থাপনাটি গোপনে পারমাণবিক প্রকল্পের কার্যক্রম চালানোর জন্য ব্যবহার করা হচ্ছিল বলে ইসরায়েলের দাবি।

তবে ইসরায়েলের এমন দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।