সারাবিশ্ব
সৌদিতে মার্কিন গোয়েন্দা সংস্থার স্টেশনে ড্রোন হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র একটি স্টেশনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার এ হামলা সংঘটিত হয় বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের হতে পারে।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। তবে ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, সিআইএ’র স্টেশনটি সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিল-এমন কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
এদিকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর পরপরই ইসরায়েল এবং অঞ্চলজুড়ে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।
এই সংঘাতের মধ্যেই সৌদি আরবে মার্কিন দূতাবাসেও ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ড্রোন ব্যবহার করে দূতাবাসে হামলা চালানো হয়। এতে সীমিত আকারে আগুন লাগে এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
সূত্র: রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল।