সারাবিশ্ব

ইরানের স্কুলে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার ইঙ্গিত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম

ইরানের স্কুলে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার ইঙ্গিত
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে সংঘটিত বিমান হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার জন্য মার্কিন বাহিনী দায়ী হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের সামরিক তদন্তকারীরা। তবে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি এবং তদন্তও শেষ হয়নি বলে জানানো হয়েছে।

ইরানের মিনাব শহরের শাজরা তাইয়িবা বালিকা বিদ্যালয়–এ এই হামলার ঘটনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, হামলায় অন্তত ১৬৮ জন বালিকা শিক্ষার্থী নিহত হয়েছে, যাদের অধিকাংশের বয়স ছিল ৭ থেকে ১২ বছরের মধ্যে।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—দুই দেশের কেউই এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েল জানিয়েছে, তারা ওই এলাকায় কোনো সামরিক অভিযানের বিষয়ে অবগত নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি এখনো তদন্তাধীন এবং তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় না।

রয়টার্সের নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে কিছু তথ্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার দিকে ইঙ্গিত করছে। তবে তারা এটিও বলেছেন, তদন্তে নতুন কোনো প্রমাণ সামনে এলে যুক্তরাষ্ট্রকে এই ঘটনার দায় থেকে অব্যাহতি দেওয়া হতে পারে এবং অন্য কোনো পক্ষের সম্পৃক্ততার বিষয়ও উঠে আসতে পারে।

এদিকে জানা গেছে, মিনাবের ওই বিদ্যালয়ের কাছেই ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পস–এর একটি ঘাঁটি ছিল। বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে যে ওই এলাকাজুড়ে কাছাকাছি সময়ে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর –এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টেও আমেরিকা–ইসরায়েল যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টার একটি মানচিত্র দেখা গেছে, যেখানে ইরানের দক্ষিণাঞ্চলে হামলার সম্ভাব্য স্থান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান চিহ্নিত করা হয়েছিল। সেই মানচিত্রে মিনাব এলাকাও অন্তর্ভুক্ত ছিল বলে জানা গেছে।

সূত্র: BBC News।