সারাবিশ্ব

‘ভণ্ডামি বন্ধ করুন, যথেষ্ট হয়েছে’ ইউরোপীয় কমিশনকে ইরানের কড়া বার্তা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:৩২ এএম

‘ভণ্ডামি বন্ধ করুন, যথেষ্ট হয়েছে’ ইউরোপীয় কমিশনকে ইরানের কড়া বার্তা
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টকে উদ্দেশ করে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “ভণ্ডামি বন্ধ করুন, যথেষ্ট হয়েছে।” ইরানিদের বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাকায়ি অভিযোগ করেন, ইউরোপীয় নেতৃত্ব দীর্ঘদিন ধরে ইতিহাসের ভুল পাশে অবস্থান নিয়েছে। তার ভাষায়, দখলদারদের প্রতি সবুজ সংকেত দেওয়া, জাতিগত নিধন ও গুরুতর অপরাধযজ্ঞকে সমর্থন করার মতো অবস্থান নিয়েই তারা সময় কাটিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, এখনো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ঘটনায় সংঘটিত অপরাধ ও সম্ভাব্য যুদ্ধাপরাধকে আড়াল করার চেষ্টা চলছে।

ইরানের এই মুখপাত্র আরও প্রশ্ন তোলেন, মিনাব শহরে ১৬৫ জন নিরপরাধ ইরানি শিশু নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহল কোথায় ছিল। তিনি অভিযোগ করেন, হাসপাতাল, ঐতিহাসিক স্থাপনা, জ্বালানি তেল স্থাপনা, কূটনৈতিক ও নিরাপত্তা স্থাপনা, দমকল স্টেশন এবং আবাসিক এলাকায় হামলার মতো ঘটনাগুলো ঘটলেও ইউরোপীয় নেতৃত্ব নীরব থেকেছে।

বাকায়ি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও অপরাধের বিরুদ্ধে নীরব থাকা মানে সেই অপরাধে সহযোগিতা করা। তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টকে উদ্দেশ করে আরও বলেন, তার বক্তব্যের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়াগুলো দেখলেই বোঝা যাবে মানুষ এই অবস্থান সম্পর্কে কী ভাবছে এবং অনেকেই এটিকে ‘অপরাধীদের পবিত্রকরণ’ হিসেবে দেখছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক বক্তব্য ও পাল্টা বক্তব্য সেই উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা।