সারাবিশ্ব

ইসরায়েলের তেল-গ্যাস স্থাপনায় ইরানের হামলার দাবি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম

ইসরায়েলের তেল-গ্যাস স্থাপনায় ইরানের হামলার দাবি
ছবি: সংগৃহীত

ইসরায়েলের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টারের এক মুখপাত্র জানিয়েছেন, সাম্প্রতিক হামলায় ইসরায়েলের জ্বালানি অবকাঠামোকে সরাসরি টার্গেট করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি মজুদ ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের কাছে অবস্থিত একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রও এই হামলায় ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ–৪’-এর ৩৩তম দফার অংশ হিসেবে এই হামলা পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, ইরানের তেল ডিপোতে সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই পাল্টা আঘাত হানা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এতে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আলজাজিরা।