সারাবিশ্ব
ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক বসতি
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সন্ধ্যার পর কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় ১৫০টি রকেট নিক্ষেপ করা হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সমর্থিত এই গোষ্ঠীটি উত্তর ইসরায়েলের হাইফা ও কিরিয়াত শমনা এলাকাকে লক্ষ্য করে অল্প সময়ের ব্যবধানে শতাধিক রকেট ছুড়ে। আকস্মিক এই রকেট হামলায় উত্তরাঞ্চলের বেশ কয়েকটি বসতি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
রকেট হামলার পর বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যান বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
অন্যদিকে একই রাতে লেবাননের বিভিন্ন এলাকায় পাল্টা ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী বৈরুত, দাহিহ, দক্ষিণাঞ্চল এবং সীমান্তবর্তী কয়েকটি এলাকায় একযোগে আক্রমণ চালানো হয়। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে।
তবে স্থানীয় সূত্রের দাবি, এসব হামলায় বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।