সারাবিশ্ব

ইরান আর আগের মতো শক্তিশালী অবস্থানে নেই: নেতানিয়াহু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১১:৪০ এএম

ইরান আর আগের মতো শক্তিশালী অবস্থানে নেই: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইরান আর আগের মতো শক্তিশালী অবস্থানে নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় দুই সপ্তাহ ধরে চলা হামলায় ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেন নেতানিয়াহু।

তিনি বলেন, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানীদের কয়েকজন নিহত হয়েছেন এবং ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলা শুরুর পর এই প্রথম প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কথা বলেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, “ইরান আর আগের ইরান নেই।”

নেতানিয়াহুর দাবি, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলাগুলো ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বড় ধরনের বাধার মুখে ফেলেছে এবং তাদের এসব প্রকল্প ভূগর্ভে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও ব্যাহত হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত জোট গঠনের সুযোগ তৈরি করেছে। তার ভাষায়, “অতীতে এটি সম্ভব ছিল না, কিন্তু এখন আমরা সেই সুযোগ কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করছি।”