সারাবিশ্ব
ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের আশঙ্কা, তেলের মজুদ ছাড়ছে জাপান
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় নিজেদের কৌশলগত তেলভান্ডারের একাংশ বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান।
শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাপান সরকার তাদের সংরক্ষিত তেলের মজুদ থেকে সরবরাহ বাড়ানোর পাশাপাশি তেলের দামের ওপর সীমা (ক্যাপ) নির্ধারণের পরিকল্পনাও ঘোষণা করেছে।
জাপান তাদের অপরিশোধিত তেলের প্রায় ৯৫ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ফলে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা তৈরি হলে দেশটির জ্বালানি নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
এরই মধ্যে টোকিওর দক্ষিণে অবস্থিত মিসাকি নামের একটি মৎস্যনির্ভর শহরে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে। স্থানীয় জেলে, সামুদ্রিক খাদ্য ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকরা জানিয়েছেন, জ্বালানির দাম বাড়ায় তাদের পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এতে খাবারের দাম বাড়ানো ছাড়া উপায় থাকছে না, নতুবা ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জাপান সরকার সতর্ক করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে তেল আমদানিতে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। তাই সরবরাহ স্থিতিশীল রাখতে এবং জ্বালানি-নির্ভর শিল্পগুলোকে সচল রাখতে শোধনাগারগুলোতে জরুরি তেল মজুদ সরবরাহ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সূত্র: আল-জাজিরা