সারাবিশ্ব

৩ দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের একযোগে হামলার দাবি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:২১ পিএম

৩ দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের একযোগে হামলার দাবি
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলার দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনী জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

ইরানি গণমাধ্যমের বরাতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি জানান, মার্কিন বাহিনীর বিরুদ্ধে “পরপর কয়েকটি ধাপে” হামলা চালিয়েছে ইরানি নৌবাহিনী।

তার দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত আল ধাফ্রা বিমানঘাঁটি, কুয়েতের আল আদিরি সামরিক ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি। এসব স্থাপনায় থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, যুদ্ধবিমান ও বিমান জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

এদিকে ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আইভান শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় একই পরিবারের ছয় সদস্য নিহত হওয়ার খবর জানিয়েছে মিডল ইস্ট আই। নিহতদের মধ্যে ছয় মাস বয়সী একটি শিশুও রয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে।

অন্যদিকে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে প্রথমবারের মতো প্রায় ২,৫০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ সংঘাতকে আরও বিস্তৃত আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে।