সারাবিশ্ব

ইরান যুদ্ধ নিয়ে ‘বিকৃত’ সংবাদ প্রচার করলে লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:৫৬ এএম

ইরান যুদ্ধ নিয়ে ‘বিকৃত’ সংবাদ প্রচার করলে লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ সংক্রান্ত খবর ‘বিকৃতভাবে’ প্রচারের অভিযোগ এনে মার্কিন সংবাদমাধ্যমগুলোর সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কার শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, সম্প্রচার মাধ্যমগুলোকে অবশ্যই জনস্বার্থে কাজ করতে হবে, অন্যথায় তারা লাইসেন্স হারাতে পারে।

তিনি লিখেছেন, যেসব সম্প্রচারকারী সংস্থা গুজব বা বিকৃত তথ্য ছড়িয়ে সংবাদ প্রচার করছে, লাইসেন্স নবায়নের আগে তাদের সামনে সংশোধনের সুযোগ এখনও রয়েছে।

তবে ট্রাম্প প্রশাসনের এই সতর্কবার্তাকে সংবাদমাধ্যমের ওপর নজিরবিহীন চাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আন্দোলনকারী ও রাজনীতিবিদরা একে সেন্সরশিপ বা সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা বলেও সমালোচনা করেছেন।

হাওয়াই অঙ্গরাজ্যের সিনেটর ব্রায়ান শ্যাটজ বলেন, এটি মূলত যুদ্ধ সম্পর্কে ইতিবাচক সংবাদ প্রচারের একটি স্পষ্ট বার্তা, অন্যথায় লাইসেন্স নবায়ন না করার প্রচ্ছন্ন হুমকি।

ফাউন্ডেশন ফর ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড এক্সপ্রেশন (ফায়ার)-এর পাবলিক অ্যাডভোকেসি ডিরেক্টর অ্যারন টেরও এই পদক্ষেপের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী সরকারকে যুদ্ধসংক্রান্ত তথ্য সেন্সর করার অনুমতি দেয় না।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন যে, কিছু সংবাদমাধ্যম সৌদি আরবে ইরানি হামলায় মার্কিন জ্বালানি বিমান ধ্বংস হওয়ার ‘ভুল তথ্য’ প্রচার করছে। তার দাবি, পাঁচটির মধ্যে চারটি বিমানের কোনো ক্ষতি হয়নি এবং সেগুলো ইতোমধ্যে আবার পরিষেবায় ফিরেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও বিতর্ক বাড়ছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মার্কিন ভোটারদের একটি বড় অংশ এই সামরিক অভিযানের বিরোধিতা করছে।