সারাবিশ্ব
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
ইরানের ওপর চলমান হামলা আরও কঠোরভাবে চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হয়। সোমবার (১৬ মার্চ) পর্যন্ত সেই হামলা টানা ১৭ দিনে গড়িয়েছে।
এর আগে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ইরানে হামলা শুরুর পেছনে ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবেরও চাপ ছিল। যদিও প্রকাশ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং বলেছিলেন, ইরানে হামলার জন্য সৌদি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবস্থা না নিলে পরিস্থিতির পরিণতি আরও খারাপ হতে পারে।
নিউইয়র্ক টাইমস জানায়, হোয়াইট হাউজের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ট্রাম্প নিয়মিতভাবে আরব নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিশেষ করে সৌদি যুবরাজের সঙ্গে। ওই আলোচনাগুলোতে সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক চাপ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন।
মার্কিন কর্মকর্তারা আরও জানান, ওয়াশিংটন সৌদি আরবের প্রয়াত রাজা আব্দুল্লাহর একটি পুরোনো পরামর্শও বারবার শুনছে—যেখানে বলা হয়েছিল, শত্রুর মূল উৎস বা নেতৃত্বকে পুরোপুরি নির্মূল করে দিতে হবে।