সারাবিশ্ব

রমজানে মক্কায় রেকর্ড ৩৭.৮০ কোটি কল, যোগাযোগে নজির গড়ল সৌদি আরব


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম

রমজানে মক্কায় রেকর্ড ৩৭.৮০ কোটি কল, যোগাযোগে নজির গড়ল সৌদি আরব
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে সৌদি আরবের মক্কা ও মদিনায় যোগাযোগ ব্যবস্থায় রেকর্ড গড়ার দাবি করেছে Communications, Space and Technology Commission (সিএসটি)।

২০২৬ সালের রমজানের ১ থেকে ২৭ তারিখ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, শুধু মক্কা নগরীতেই স্থানীয় কলের সংখ্যা ৩৭ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে এবং আন্তর্জাতিক কল হয়েছে ৪ কোটি ৪০ লাখের বেশি।

অন্যদিকে মদিনা শহরে স্থানীয় কলের সংখ্যা ছিল ২৩ কোটি ৮০ লাখ এবং আন্তর্জাতিক কল হয়েছে প্রায় ২ কোটি ২০ লাখ।

প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। সিএসটির তথ্য অনুযায়ী, মক্কায় মোবাইল ইন্টারনেটের গড় গতি গত বছরের তুলনায় ১৯ শতাংশ বেড়ে ২৩৪ এমবিপিএসে পৌঁছেছে। আর মদিনায় এই গতি ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩১৮ এমবিপিএস।

এছাড়া ডেটা ব্যবহারের ক্ষেত্রেও দুই পবিত্র নগরী বৈশ্বিক গড়কে ছাড়িয়ে গেছে। মক্কায় প্রতিদিন মাথাপিছু ডেটা ব্যবহারের পরিমাণ ১২৯৭ মেগাবাইট এবং মদিনায় ১৮২৮ মেগাবাইট, যা বিশ্ব গড়ের তুলনায় তিন গুণেরও বেশি।

সিএসটি জানায়, বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি সত্ত্বেও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে দেশটির আধুনিক টেলিকম অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: সৌদি গেজেট