সারাবিশ্ব
ইরানের এসব হামলা ‘ব্ল্যাকমেইলের শামিল’: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ইরানের সাম্প্রতিক হামলাকে ‘ব্ল্যাকমেইলের শামিল’ বলে আখ্যা দিয়েছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি বলেন, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, “আমাদের জ্বালানি অবকাঠামোতে হামলা নিকৃষ্ট ব্ল্যাকমেইলের শামিল।”
প্রেক্ষাপটে জানা যায়, দখলদার ইসরায়েল ইরানের একটি বড় গ্যাসক্ষেত্রে হামলা চালানোর পর ইরান পাল্টা হুমকি দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার-এর জ্বালানি স্থাপনাগুলোতে হামলার। সেই ধারাবাহিকতায় কিছু হামলা চালানোর ঘটনাও ঘটেছে বলে দাবি করা হচ্ছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠক চলাকালীন হামলা চালিয়ে ইরান একটি বার্তা দিতে চেয়েছে—তারা থামবে না। তবে এই ধরনের কৌশল কোনো ফল দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, “এটি স্পষ্টভাবে ভয় দেখানোর চেষ্টা। কিন্তু আমরা কেউ ভয় পাইনি।”
তিনি আরও বলেন, ইরান যদি এ ধরনের আচরণ অব্যাহত রাখে, তাহলে তাদেরকে কোনোভাবেই নির্ভরযোগ্য বা বৈধ অংশীদার হিসেবে বিবেচনা করা সম্ভব হবে না। এর ফলে ইরানের প্রতি যে সামান্য আস্থা ছিল, সেটিও নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা