সারাবিশ্ব

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনিশ্চিত, ‘সবুজ সংকেতের অপেক্ষায়’ ডজনখানেক জাহাজ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৮ পিএম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনিশ্চিত, ‘সবুজ সংকেতের অপেক্ষায়’ ডজনখানেক জাহাজ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর নিরাপত্তা ঝুঁকির কারণে প্রণালির বাইরে আটকা পড়েছে কয়েক ডজন জাহাজ, যা এখন পারাপারের জন্য ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় রয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রণালির নিকটবর্তী ওমান উপসাগর থেকে আল-জাজিরাকে দেওয়া তথ্যে সাংবাদিক ইনজামাম রশিদ বলেন, শত শত না হলেও অন্তত কয়েক ডজন জাহাজ বর্তমানে নোঙর করে আছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছে।

তিনি জানান, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালির ওপর বর্তমানে ইরানের প্রভাব শক্তিশালী। ফলে প্রণালির আশপাশের জলসীমা এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জাহাজ চলাচল নিরাপদ না হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যেও এর প্রভাব পড়ছে।

ইনজামাম রশিদ আরও বলেন, এই সংঘাত শুধু সামরিক নয়, বরং এটি জ্বালানি ও অর্থনৈতিক যুদ্ধের রূপও নিয়েছে। হরমুজ প্রণালির কার্যক্রম ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালাচ্ছে। এর জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হানছে। এতে সংঘাতটি ইতোমধ্যে অঞ্চলটির অন্তত ১৪টি দেশে ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাণিজ্য ও জ্বালানি বাজারে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।