সারাবিশ্ব

লেবাননে জাতিসংঘ ঘাঁটিতে হামলা, ইসরায়েলি গোলাবর্ষণে শান্তিরক্ষী নিহত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:১৯ এএম

লেবাননে জাতিসংঘ ঘাঁটিতে হামলা, ইসরায়েলি গোলাবর্ষণে শান্তিরক্ষী নিহত
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ইউএনআইএফআইএল।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় অবস্থিত শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তরে এ হামলা চালানো হয়। গোলাবর্ষণের সময় সেখানে দায়িত্বে থাকা ইন্দোনেশিয়ার শান্তিরক্ষী সদস্যরা ক্ষতিগ্রস্ত হন বলে জানানো হয়েছে।

দেশটির বেসরকারি সম্প্রচারমাধ্যম আল–জাদিদ জানিয়েছে, হামলার ঘটনায় আরও হতাহতের আশঙ্কা রয়েছে। আহতদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে এখনো সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

এদিকে একই সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলের শাকরা শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সাম্প্রতিক এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে শান্তিরক্ষী ঘাঁটিতে হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।