সারাবিশ্ব
লেবাননে ইসরায়েলি হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান
লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা স্থগিত করেছে ইরান। সোমবার (১ জুন) দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম এ তথ্য জানিয়েছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, যদিও যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় লেবাননের পরিস্থিতি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে অন্তর্ভুক্ত ছিল। এই শর্ত লঙ্ঘিত হওয়ায় মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিচালিত আলোচনা এবং খসড়া নথি বিনিময়ের প্রক্রিয়া আপাতত বন্ধ করে দিয়েছে তেহরান।
ইরানের পক্ষ থেকে গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারও চেয়েছে দেশটি। ইরানের দাবি, এসব বিষয়ে তাদের অবস্থান ও আঞ্চলিক মিত্রদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনা পুনরায় শুরু হবে না।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তেহরান ও তার মিত্রগোষ্ঠীগুলো বর্তমানে হরমুজ প্রণালি বন্ধের সম্ভাবনা নিয়ে বিবেচনা করছে। পাশাপাশি লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালিসহ অন্যান্য কৌশলগত ফ্রন্ট সক্রিয় করার বিষয়টিও আলোচনায় রয়েছে। এর আগে ওই অঞ্চলে ইরান-সমর্থিত হুথি বাহিনী আন্তর্জাতিক জাহাজ চলাচলকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় হামলার নির্দেশ দেন। অঞ্চলটি হিজবুল্লাহর অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।
অন্যদিকে, একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন, বৈরুতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই গ্রহণ করা হয়েছিল।