সারাবিশ্ব

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:৪৫ এএম

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন আগামী দুই সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তেহরান সিটি প্রশাসনের সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ।

মঙ্গলবার দেশটির বিভিন্ন মহানগরের সামাজিক ও সাংস্কৃতিক কমিশনের এক বৈঠকে তিনি জানান, জিলহজ মাসের শেষভাগ এবং মহররম মাসের শুরুতে খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, দাফন অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব তার নেতৃত্বেই পরিচালিত হচ্ছে। এ উপলক্ষে তিন দিনব্যাপী শোক মিছিল আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদায় অনুষ্ঠান শেষে জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু হবে, যা রাজধানী তেহরানে অন্তত একদিনব্যাপী চলবে।

মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ জানান, রাজধানীতে দেড় থেকে দুই কোটির বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

তার তথ্য অনুযায়ী, তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ শহরেও জানাজার আয়োজন করা হবে। এছাড়া দেশের বিভিন্ন প্রদেশ থেকেও একই ধরনের অনুষ্ঠানের জন্য অনুরোধ এসেছে।

পারিবারিক সদস্যদের পরামর্শের ভিত্তিতে আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে বলেও জানান তিনি।

তেহরানের উপমেয়র আরও বলেন, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ ও কাশ্মীরসহ পূর্বাঞ্চলের বিভিন্ন মুসলিম অঞ্চল থেকে বিপুলসংখ্যক শোকাহত মানুষ এবং প্রতিনিধিদল মাশহাদে উপস্থিত হতে পারেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যে নিজ কার্যালয়ে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। তাদের স্মরণে গত সপ্তাহে তেহরানে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এর আগে ইসলামি প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদ বলেছিলেন, খামেনির জানাজা এমন একটি ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে, যা ইরান ও সমগ্র ইসলামি বিশ্বের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতির খবরও পাওয়া যাচ্ছে।