সারাবিশ্ব

আজ রাতে নতুন গিলাফে সজ্জিত হবে পবিত্র কাবা, শুরু হচ্ছে নতুন হিজরি বছর


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:৩১ পিএম

আজ রাতে নতুন গিলাফে সজ্জিত হবে পবিত্র কাবা, শুরু হচ্ছে নতুন হিজরি বছর
ছবি: সংগৃহীত

সারা বিশ্বের মুসলমানদের নতুন হিজরি বছরকে স্বাগত জানানোর প্রস্তুতির অংশ হিসেবে ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফে শুরু হয়েছে বিশেষ আয়োজন। এই উপলক্ষে আজ সোমবার রাতে পবিত্র কাবা নতুন গিলাফে সজ্জিত করা হবে।

ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর নতুন হিজরি বছরের প্রথম দিন কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়। সেই ধারাবাহিকতায় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে পুরোনো গিলাফ সরিয়ে নতুন গিলাফ পরানো হবে।

খাঁটি রেশমে তৈরি এই নতুন গিলাফে সোনালি ও রুপালি সূচিকর্মে কোরআনের আয়াত খচিত থাকবে। সৌদি আরবের কিং আবদুল আজিজ কমপ্লেক্সে কয়েক মাস ধরে দক্ষ কারিগরদের কঠোর পরিশ্রম ও নিখুঁত কারিগরি মাধ্যমে এটি প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, গিলাফ তৈরির কাজ শুরু হয় বহু আগেই। বিশেষভাবে বোনা রেশম কাপড়ে সোনালি-রুপালি সুতা দিয়ে নকশা ও কোরআনের আয়াত সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যবাহী কারিগরির সমন্বয়ে তৈরি এই গিলাফ কাবা শরিফকে নতুন রূপে সজ্জিত করবে।

গিলাফ পরিবর্তনের আগে মসজিদুল হারামে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নতুন গিলাফের অংশগুলো নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হয় এবং সূচিকর্ম ও অলংকৃত অংশগুলো চূড়ান্তভাবে পরীক্ষা করা হয়।

পরিবর্তনের রাতে বিশেষ দল পুরোনো গিলাফের সোনালি অলংকরণ খুলে ফেলে ধাপে ধাপে নতুন গিলাফ স্থাপন করে। নির্দিষ্ট ক্রম অনুসরণ করে পুরো কাজ সম্পন্ন করা হয় যাতে কাবা শরিফের চারপাশ নিখুঁতভাবে আবৃত থাকে।

এই গিলাফ পরিবর্তন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি মুসলিম বিশ্বের গভীর ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের প্রতীক। একই সঙ্গে এটি পবিত্র দুই মসজিদের সেবায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের দায়িত্ববোধ ও অঙ্গীকারের প্রতিফলন।

নতুন হিজরি বছরের প্রথম ভোরে কাবা শরিফ নতুন গিলাফে সজ্জিত হয়ে উঠবে, যার মধ্য দিয়ে শুরু হবে নতুন বছর। শত শত বছরের এই ঐতিহ্য মুসলিম বিশ্বের জন্য এক বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে।