সারাবিশ্ব
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছে।
উভয় পক্ষ জানিয়েছে, চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, সমঝোতার প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে—ইরান ভবিষ্যতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না, সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর থাকবে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তবে সমঝোতা কার্যকর হওয়ার পরও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। যদিও লেবাননের বিষয়টিও এই সমঝোতা স্মারকের অন্তর্ভুক্ত ছিল।
এদিকে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এই চুক্তিকে ‘বড় বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে ভবিষ্যৎ আলোচনা শুধু পারস্পরিক নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করেই হওয়া উচিত।
আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর এই সমঝোতার প্রভাব কী হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।