সারাবিশ্ব

চুক্তির করতে মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: দাবি মোজতবা খামেনির


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম

চুক্তির করতে মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: দাবি মোজতবা খামেনির
ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি ও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচিত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে বক্তব্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি দাবি করেছেন, এই চুক্তি ইরানের আগ্রহে নয়, বরং যুক্তরাষ্ট্রের তীব্র চাপ ও মরিয়া মনোভাবের কারণেই চূড়ান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) এক লিখিত বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আগ্রহ ও চাপের কারণেই এই সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। তার ভাষায়, মার্কিন প্রেসিডেন্ট “মরিয়া হয়ে” এই চুক্তি স্বাক্ষরের জন্য বিভিন্ন ধরনের প্রভাব ও চাপ প্রয়োগ করেছেন।

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে তিনি এই সমঝোতা স্মারকের পক্ষে ছিলেন না। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অবস্থান এবং প্রতিরোধ ফ্রন্টের (লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ) অধিকার রক্ষার অঙ্গীকারের ভিত্তিতে তিনি এতে অনুমোদন দিতে সম্মত হন।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে টানা সংঘাত ও যুদ্ধবিরতির পর মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ‘ইসলামাবাদ এমওইউ’ নামে একটি খসড়া প্রস্তাব পাঠায়। পরে এক মাসের বেশি আলোচনার পর সেটি চুক্তিতে রূপ নেয়।

গত ১৭ জুন প্যারিসে জি-৭ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে স্বাক্ষর করেন বলে জানা যায়। পরে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, পরবর্তী ৬০ দিনে ইরান ও যুক্তরাষ্ট্র স্থায়ী শান্তি চুক্তির শর্ত নির্ধারণসহ বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে আলোচনা চালাবে। এ সময় হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য চলাচলে শিথিলতা এবং ইরানি বন্দরের ওপর থাকা কিছু অবরোধ প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।