সারাবিশ্ব

খামেনির কফিন ছুঁয়ে কাঁদলেন আইআরজিসি প্রধান আহমেদ ভাহিদি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম

খামেনির কফিন ছুঁয়ে কাঁদলেন আইআরজিসি প্রধান আহমেদ ভাহিদি
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইসলামিক রেভুলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমেদ ভাহিদি। দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গেল।

শুক্রবার (৩ জুলাই) ইমাম খোমেনি হোসাইনিয়া মসজিদে আয়োজিত শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন ভাহিদি। এ সময় আইআরজিসির অন্যান্য শীর্ষ কমান্ডাররাও উপস্থিত ছিলেন।

গণমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন তৎকালীন আইআরজিসি প্রধান জেনারেল মোহাম্মদ পাকপৌর। পরবর্তীতে চলমান যুদ্ধের মধ্যেই নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেন আহমেদ ভাহিদি। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি আত্মগোপনে থেকেই বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন।

খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, সকালে মরদেহ বহনকারী কফিন ঘিরে হাজারো মানুষ ভিড় করেন। শোকাহত জনতার অনেকেই কান্নায় ভেঙে পড়েন, কেউ কেউ আবেগ সামলাতে না পেরে মূর্ছা যান।

শ্রদ্ধা জানাতে গিয়ে কফিন স্পর্শ করার সময় আইআরজিসি প্রধান আহমেদ ভাহিদিকেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, যা উপস্থিত জনতার মধ্যে আরও শোকের আবহ তৈরি করে।