সারাবিশ্ব
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুতেও হামলা চালাল ইসরায়েলি বাহিনী
দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয়স্থল তাঁবুকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) চালানো এই হামলায় অস্থায়ী তাঁবুগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আহতদের মধ্যে শিশু ও এক নারীকে প্রথমে কুয়েত সাহরা ফিল্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী হুসাম আবু হাজরাস জানান, হামলার সময় বাস্তুচ্যুত লোকজন তাঁবুর ভেতরেই অবস্থান করছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণে চারপাশ কেঁপে ওঠে। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তার ওপর আহত অবস্থায় চার শিশুকে পড়ে থাকতে দেখেন এবং তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠান।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭৩ হাজার মানুষ আহত হয়েছেন। এতে উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
এদিকে ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি থাকলেও তা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চুক্তি ভঙ্গের ধারাবাহিকতায় গত শুক্রবার পর্যন্ত হামলায় আরও ১,১৪৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৩,৭০৩ জন আহত হয়েছেন।
সূত্র: রয়টার্স