সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আব্বাস আরাগচি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আব্বাস আরাগচি
ছবি: সংগৃহীত

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আনুষ্ঠানিক আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানি সংবাদমাধ্যম শাহরারা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শনিবার (১৫ আগস্ট) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

আব্বাস আরাগচি বলেন, কাতার ও পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বার্তা আদান-প্রদান চলছে, সেগুলোকে কোনোভাবেই আনুষ্ঠানিক আলোচনা বলা যায় না।

তিনি জানান, ওমানের সঙ্গে ইরানের পৃথক আলোচনা চলছে। এসব আলোচনার মূল বিষয় হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নৌপথ নির্ধারণ করা।

আরাগচি আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে।

এদিকে, শুক্রবার (১৪ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান চরমভাবে পরাজিত হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমিতে আয়োজিত রাজনৈতিক সমাবেশে হাসতে হাসতে ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’

তথ্যসূত্র: আল আরাবিয়া