সারাবিশ্ব

যুদ্ধের ধাক্কায় ইরানে বাড়ছে জীবনযাত্রার ব্যয়, চাপে সাধারণ মানুষ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৫৭ এএম

যুদ্ধের ধাক্কায় ইরানে বাড়ছে জীবনযাত্রার ব্যয়, চাপে সাধারণ মানুষ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে চাপে পড়েছে ইরানের অর্থনীতি। এরই মধ্যে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় অভাব-অনটনে দিন কাটাচ্ছেন অনেক মানুষ। একই সঙ্গে বাড়ছে বাড়িভাড়া, বিদ্যুৎ-গ্যাসের বিল, যাতায়াত ও চিকিৎসা ব্যয়।

রাজধানী তেহরানের বাসিন্দা ২৬ বছর বয়সী সাঈদ একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি জানিয়েছেন, বর্তমানে যে বেতন পান, তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাই বেশি বেতনের চাকরির সন্ধান করছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) সংবাদমাধ্যম আলজাজিরাকে সাঈদ বলেন, বর্তমানে ইরানে চাকরির বাজারও বেশ খারাপ। অনেকেই চাকরি খুঁজেও পাচ্ছেন না। তাঁর ভাষায়, অনলাইনে কিংবা সরাসরি চাকরির বাজারের বর্তমান পরিস্থিতি দেখলেই বোঝা যায়, কেন অনেক তরুণ-তরুণী কাজের সন্ধানে বের হওয়াকেও অর্থহীন মনে করছেন।

সাঈদ জানান, শিক্ষক, হিসাবরক্ষক ও বিক্রয়কর্মীদের মতো পেশায় মাসে প্রায় ২০ কোটি ইরানি রিয়াল বা ১০৭ ডলার সমপরিমাণ বেতন দেওয়া হচ্ছে। আবার কিছু চাকরিতে মাসিক বেতন মাত্র ১৬ কোটি ৬০ লাখ রিয়াল, যা ৮৮ ডলারের কাছাকাছি। বাংলাদেশি মুদ্রায় এই বেতন ১৫ হাজার টাকারও কম।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একজন সাধারণ কর্মী সরকারি সহায়তা ও মাসিক বেতন মিলিয়ে যে অর্থ পান, সেখান থেকে মাত্র এক কেজি ভেড়ার মাংস কিনতেই মাসিক আয়ের প্রায় ১০ শতাংশ খরচ হয়ে যায়। আর ১০ কেজি ইরানি চাল কিনতে চলে যায় মোট আয়ের প্রায় এক-পঞ্চমাংশ। এতে দেশটির নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

এর পাশাপাশি ইরানে বাড়িভাড়া দ্রুত বাড়ছে। বিদ্যুৎ ও গ্যাসের বিল, যাতায়াত ব্যয় এবং চিকিৎসা খরচও আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে যুদ্ধের অর্থনৈতিক চাপ সাধারণ মানুষের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলছে।