সারাবিশ্ব

হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে; যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে; যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে দেশটির নৌবাহিনী। একই সঙ্গে প্রণালিটি খোলা রয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘স্পষ্ট মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের অনুমতি ছাড়া এই জলপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড বন্ধ না হওয়া এবং এ বিষয়ে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে এই বিধিনিষেধ বহাল থাকবে।

এদিকে, শুক্রবার (২৮ আগস্ট) প্রকাশিত প্রাথমিক জাহাজ চলাচলের তথ্যেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ার চিত্র পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রণালিটি দিয়ে মাত্র সাতটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ১৭টি।

গত ১০ দিনে হরমুজ প্রণালি দিয়ে গড়ে প্রতিদিন ১৫টি পণ্যবাহী জাহাজ চলাচল করলেও বৃহস্পতিবারের সংখ্যা ছিল তার চেয়ে উল্লেখযোগ্যভাবে কম।