সারাবিশ্ব
ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা, প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসির
দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাইয়ের শেষের পর ইরানের ভূখণ্ডে এটি প্রথম মার্কিন হামলা বলে জানিয়েছে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা। হামলার পর যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।
রোববার (৩০ আগস্ট) হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপে এ হামলা চালানো হয়। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের দুটি উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। এসব ব্যবস্থা থেকে হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
হামলার বিষয়টি নিশ্চিত করেছে আইআরজিসিও। সংগঠনটি জানিয়েছে, মার্কিন হামলায় ইরানের কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
হামলার পর আইআরজিসি যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার জবাব দেওয়া হবে এবং এর জন্য দায়ীদের শাস্তি দেওয়া হবে।
এদিকে, হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পরবর্তী সময়ে ইরান জর্ডানে থাকা দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।