সারাবিশ্ব

মার্কিন হামলার জবাবে জর্ডানে দুই সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:০৬ এএম

মার্কিন হামলার জবাবে জর্ডানে দুই সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান
ছবি: সংগৃহীত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান ব্যবহার করে জর্ডানের কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে সমন্বিত হামলা চালানো হয়েছে।

তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩১ আগস্ট) ভোরে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মহাকাশ বাহিনী এই হামলা চালায়। তাদের দাবি, হামলায় দুটি বিমানঘাঁটির কারিগরি ও যান্ত্রিক অবকাঠামো, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং যুদ্ধবিমান রাখার শেডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আরও হুঁশিয়ারি দিয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো আগ্রাসন চালালে তার জবাব আরও তীব্র ও বিধ্বংসী হবে।

এর আগে রোববার (৩০ আগস্ট) ইরানের কৌশলগত লারাক দ্বীপে থাকা দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালায় বলে জানা যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করে। জুলাইয়ের শেষ দিকে সংঘাতের পর ইরানের ভূখণ্ডে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, হরমুজ প্রণালিতে সমুদ্র-মাইন বহনকারী রকেট নিক্ষেপের প্রস্তুতি নেওয়ার সময় ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দুটিকে লক্ষ্যবস্তু করা হয়। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করেছে, ওই হামলায় তাদের কয়েকজন সেনা সদস্য ও বেসামরিক নাগরিক হতাহত হন। এর পরপরই তেহরান পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেয়।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সাময়িক সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও পরে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচল নিয়ে বিরোধকে কেন্দ্র করে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।