সারাবিশ্ব

ইউরোপীয় ইউনিয়ন নিজেদের ‘সার্বভৌমত্ব’ বিসর্জন দিয়েছে: ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

ইউরোপীয় ইউনিয়ন নিজেদের ‘সার্বভৌমত্ব’ বিসর্জন দিয়েছে: ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সমর্থন দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নের তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির অভিযোগ, মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে ইইউ নিজেদের সার্বভৌমত্ব, আইন ও নৈতিক অবস্থান বিসর্জন দিয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ অভিযোগ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

ইসমাইল বাঘেই বলেন, মার্কিন বলপ্রয়োগের কাছে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের সার্বভৌমত্ব, আইন ও নীতি-নৈতিকতা বিসর্জন দিচ্ছে বলে মনে হচ্ছে। তেহরানের বিরুদ্ধে একতরফা ও বেআইনি অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইইউয়ের সমর্থন আন্তর্জাতিক আইন এবং সংস্থাটির নিজস্ব নীতিমালার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের এই মুখপাত্রের অভিযোগ, ওয়াশিংটনের ‘অন্যায্য অর্থনৈতিক যুদ্ধকে’ সমর্থন করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইইউয়ের প্রতিটি সদস্য রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ইসমাইল বাঘেই আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন একদিকে উত্তেজনা কমানো ও আঞ্চলিক স্থিতিশীলতার কথা বলবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদকে’ সমর্থন করবে এ দুটি অবস্থান একই সঙ্গে চলতে পারে না।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করেছে এবং ইউরোপীয় ইউনিয়নও ওয়াশিংটনের চাপ প্রয়োগের প্রচেষ্টায় সমর্থন জানিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই