সারাবিশ্ব

ইরানে আবারও মার্কিন হামলা, জবাবে পাল্টা হামলা তেহরানের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম

ইরানে আবারও মার্কিন হামলা, জবাবে পাল্টা হামলা তেহরানের
ছবি: সংগৃহীত

ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে তেহরান। এতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত।

মঙ্গলবার ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের দাবি, এসব হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সামরিক স্থাপনা, মাইন পাতা সংক্রান্ত সক্ষমতা এবং যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করা হয়েছে।

ইরানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আহভাজ শহরের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের বেসামরিক জিরোফত বিমানবন্দরেও হামলার খবর পাওয়া গেছে। এ ছাড়া চাবাহার, বান্দার আব্বাস ও গুরুত্বপূর্ণ গ্যাসকেন্দ্র আসালুয়েহতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেশম দ্বীপেও বিস্ফোরণের খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।

এরপরই পাল্টা জবাব দেয় তেহরান। জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে ইরান।

এদিকে ইরানের উপকূলীয় এলাকা সিরিকের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় পাঁচজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। নিহতদের মধ্যে চার বছরের একটি শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহর। তবে আহতের সংখ্যা ৬৮ জন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন।

সংঘাতের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে হরমুজ প্রণালিতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহনপথ কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। এর মধ্যেই সোমবার প্রণালি থেকে বেরিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। ফলে মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি চার ডলারের বেশি বেড়ে পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী জানিয়েছে, মার্কিন হামলার কারণে হরমুজ প্রণালিতে আরও কঠোর অবরোধ আরোপ করা হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফও হুঁশিয়ারি দিয়েছেন, তেহরানকে যদি পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি বন্ধ করতে বাধ্য করা হয়, তাহলে অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না।

এর আগে ইরানকে আরও কঠোর হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতির কথাও জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।