সারাবিশ্ব
বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ বলল ইরান
ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী বিমান হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলা অবৈধ ও পরিকল্পিত যুদ্ধের বাস্তবতা এবং যুদ্ধাপরাধের চিত্র তুলে ধরেছে।
ইসমাইল বাঘাইয়ের দাবি, ইরানের সিরি এলাকায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টার অংশ হিসেবে একটি বিয়ের অনুষ্ঠানে নির্মমভাবে বোমা হামলা চালানো হয়েছে।
ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, মার্কিন বিমান হামলায় এক শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।
ইরান সরকারের একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে হামলার পর সিরির ওই এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। ভিডিওতে পেছন থেকে মানুষের চিৎকারের শব্দও শোনা যায়।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে কনের বাবা আলী মাল্লাহী বলেন, ওই স্থানটি একটি আবাসিক ভবন এবং তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলাকালেই সেখানে হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে আল্লাহর শুকরিয়া, হতাহতের সংখ্যা আরও বেশি হয়নি।
তবে ইরানের অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স দাবি করেছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মার্কিন সামরিক বাহিনী কখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না।