সারাবিশ্ব
হরমুজে সৌদি তেলবাহী জাহাজে হামলা, দুই নাবিক নিহত
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় দুই নাবিক নিহত হয়েছেন। নিহত দুজনই ফিলিপাইনের নাগরিক বলে জানিয়েছে সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহরি।
বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে সৌদি প্রতিষ্ঠানটি। তবে হামলায় জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি জাহাজটিকে লক্ষ্য করে পরপর তিনটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
এর আগে অনুমতি ছাড়া সংবেদনশীল এই জলপথ অতিক্রমের চেষ্টা করা যেকোনো জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী।
বাহরি জানিয়েছে, হামলার শিকার জাহাজে থাকা অন্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক সামুদ্রিক অংশীদার ও আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ হরমুজ প্রণালিতে সৌদি মালিকানাধীন জাহাজে হামলার ঘটনা এবারই প্রথম নয়। এর মাত্র এক মাস আগে ওমান উপকূলের কাছাকাছি একই প্রণালিতে বাহরির ‘ওয়াদিয়ান’ নামের একটি সুপারট্যাংকারও হামলার শিকার হয়েছিল।
এ ছাড়া লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নৌ-অবরোধ ঘোষণার পর বাহরির ‘আমজান’ ও ‘মাসা’ নামের আরও দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটে।
পরপর এসব হামলায় হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্রপথে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে আঞ্চলিক পরাশক্তিগুলোর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।