সারাবিশ্ব

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ এএম

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। শুক্রবার ৪ সেপ্টেম্বর পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কার বিভিন্ন এলাকায় টানা বজ্রঝড়ের পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে জাজান ও আসিরের কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নাজরানের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

জাজান প্রদেশের আল রাইত, হারুব, আল দাইর, আল হাইদাবি, ফাইফা, আল আরিদাহ, আল হারিস, আল তুওয়াল, আল দারব, বাইশ, সাবিয়া, দামাদ, আবু আরিশ, আহাদ আল মাসারিহাহ ও সামতাহ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাজান শহর ও ফরাসান দ্বীপপুঞ্জেও থেমে থেমে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া আসির প্রদেশের আভা, খামিস মুশাইত, আহাদ রুফাইদাহ, সারাত উবাইদাহ, আল হারজাহ, দাহরান আল জানুব, আল নামাস, আল ফারশাহ, তানোমাহ, রিজাল আলমা, বারিক, মাহায়িল আসির, আল মাজারদাহ ও বলকারন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে বজ্রঝড় ও শিলাবৃষ্টির পাশাপাশি নিম্নাঞ্চল, উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকায় আকস্মিক পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় ভারী বৃষ্টিপাতের সময় স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকারি আবহাওয়া নির্দেশনা মেনে চলা এবং উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।