সারাবিশ্ব
মার্কিন হামলায় প্রাণ গেল ইরানের তিন পাইলটের
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন। নিহতরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। তাদের মধ্যে প্রথম দুজন নৌবাহিনীর পাইলট এবং তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট ছিলেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। খবর ইরান ইন্টারন্যাশনালের।
তবে কোথায় এই তিন পাইলট হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরান। তারা নিহত হওয়ার সময় যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা কোনো সংঘাতে অংশ নিয়েছিলেন কি না, সেটিও উল্লেখ করা হয়নি।
এর আগে নৌবাহিনীর আরও ছয় সদস্যের মৃত্যুর তথ্য জানিয়েছিল ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন।
এ ছাড়া হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনাতেও মার্কিন হামলাকে দায়ী করেছেন ইরানি কর্মকর্তারা।
খুজেস্তানে নিহত নৌবাহিনীর ওই ছয় সদস্য সরকারের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা সাতজনের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।