সারাবিশ্ব

পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগকে সন্ত্রাসবাদ বললেন মার্কিন রাষ্ট্রদূত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম

পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগকে সন্ত্রাসবাদ বললেন মার্কিন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে ‘ঘৃণ্য’ ও ‘বেপরোয়া’ বলে মন্তব্য করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইসরাইলের জাতীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ঘটনাকে ‘সন্ত্রাসবাদ’-এর সঙ্গে তুলনা করেছেন।

মসজিদটিতে অগ্নিসংযোগের পর সেখানে মাইক হাকাবিকে উদ্দেশ করে একটি বার্তাও লিখে যায় ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এতে লেখা ছিল, ‘হাকাবির জন্য সন্ত্রাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা।’

মাইক হাকাবি বলেন, এ ধরনের হামলা ‘সন্ত্রাসবাদের অভিধানগত সংজ্ঞা’। একই সঙ্গে তিনি বলেন, অত্যন্ত ছোট একটি গোষ্ঠীর কর্মকাণ্ডের কারণে ইসরাইলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়া দুঃখজনক।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ইসরাইলের ‘আর কোনো শত্রুর প্রয়োজন নেই’। একই সঙ্গে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে তিনি ‘গর্বিত’ বলেও মন্তব্য করেন।

এদিকে পশ্চিম তীরে মার্কিন নাগরিক লুই রিদির বাড়ি ইসরাইলি বসতি স্থাপনকারীরা ঘিরে রেখেছে। এ ঘটনারও প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন হাকাবি।

তবে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলা ও সহিংসতার ঘটনায় যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে হাকাবির সমালোচনা করেছেন ফিলিস্তিনি-আমেরিকান ও মানবাধিকারকর্মীরা।