সারাবিশ্ব

প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম

প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইয়েমেনের বন্দরনগরী এডেনের আল মাশিক প্রেসিডেন্ট প্রাসাদে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। হামলায় বেশ কয়েকজন আহত হলেও প্রাণে বেঁচে গেছেন দেশটির প্রধানমন্ত্রী ও সরকারের অন্যান্য মন্ত্রী। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল ইরিয়ানি বিবিসিকে জানান, প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে হতাহতের ঘটনা ঘটলেও প্রধানমন্ত্রী ও সরকারের অন্যান্য মন্ত্রীরা অক্ষত রয়েছেন।

অন্যদিকে, হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল সৌদি কর্মকর্তাদের পরিচালিত সামরিক পরিচালনা সদর দপ্তর ও অস্ত্রাগার।

এডেন শহরটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এক দশকেরও বেশি সময় আগে রাজধানী সানা থেকে বিতাড়িত হওয়ার পর ইয়েমেন সরকার এডেন থেকেই তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছে।

ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেন সরকারকে বিমান সহায়তাসহ সার্বিক সমর্থন দিয়ে আসছে প্রতিবেশী সৌদি আরব।