সারাবিশ্ব

তুরস্কের প্রথম ভাসমান গ্যাস উত্তোলন প্ল্যাটফর্ম ‘ওসমান গাজি’ চালু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পিএম

তুরস্কের প্রথম ভাসমান গ্যাস উত্তোলন প্ল্যাটফর্ম ‘ওসমান গাজি’ চালু
ছবি: সংগৃহীত

কৃষ্ণসাগরে প্রাকৃতিক গ্যাস উত্তোলন দ্বিগুণ করে ২০২৭ সালে দৈনিক ২ কোটি ঘনমিটারে উন্নীত করার পরিকল্পনা করেছে তুরস্ক। দেশটির প্রথম ভাসমান গ্যাস উত্তোলন প্ল্যাটফর্ম ‘ওসমান গাজি’ চালুর মাধ্যমে এ লক্ষ্য অর্জনের পথে এগোচ্ছে আঙ্কারা।

শনিবার ফিলিওস বন্দর থেকে প্ল্যাটফর্মটি কৃষ্ণসাগরের নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। এ উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, দেশের জ্বালানি ইতিহাসে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা।

‘ওসমান গাজি’ প্ল্যাটফর্মে গ্যাস প্রক্রিয়াজাত করার ২১টি ইউনিট রয়েছে। সাকারিয়া গ্যাসক্ষেত্রের কূপ থেকে উত্তোলিত প্রাকৃতিক গ্যাস এই প্ল্যাটফর্মে প্রক্রিয়াজাত করা হবে। পরে সমুদ্রের তলদেশে স্থাপিত পাইপলাইনের মাধ্যমে সেই গ্যাস ফিলিওসে পাঠানো হবে।

তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারস্লান বায়রাকতার বলেন, এটি দেশটির প্রথম ভাসমান প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনা। চলতি বছরের শেষ নাগাদ সাকারিয়া গ্যাসক্ষেত্রে গ্যাস জ্বালানোর টাওয়ার চালুর লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া ২০২৮ সালের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তুর্কি পেট্রোলিয়াম করপোরেশনের দৈনিক তেল উত্তোলন ১০ লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানান জ্বালানিমন্ত্রী।

সূত্র: শাফাক নিউজ