সারাবিশ্ব

ওমরাহযাত্রীদের সুবিধায় সৌদি আরবের নতুন ডিজিটাল প্রযুক্তি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পিএম

ওমরাহযাত্রীদের সুবিধায় সৌদি আরবের নতুন ডিজিটাল প্রযুক্তি
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ভিড়ের পরিস্থিতি সরাসরি জানার সুযোগ পাচ্ছেন ওমরাহযাত্রীরা। এ জন্য নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব সরকার। এর মাধ্যমে মুসল্লিরা ভিড়ের অবস্থা জেনে নিজেদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের পরিকল্পনা করতে পারবেন।

নতুন এই সেবার সাহায্যে পবিত্র কাবা ঘরকে ঘিরে তাওয়াফের স্থান এবং সাফা ও মারওয়ার মধ্যবর্তী সাঈ করার পথে ভিড়ের মাত্রা জানা যাবে। পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ মানচিত্রের মাধ্যমে দুই পবিত্র মসজিদের গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন সুযোগ সুবিধা এবং চলাচলের পথও খুঁজে নিতে পারবেন মুসল্লিরা।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, নতুন ডিজিটাল ব্যবস্থায় মসজিদুল হারাম ও মসজিদে নববীর ভিড়ের পরিস্থিতি সরাসরি দেখা যাবে। এতে ওমরাহযাত্রীরা তুলনামূলক কম ভিড়ের সময়ে তাওয়াফ ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের পরিকল্পনা করতে পারবেন।

এই সেবায় সরাসরি ভিড়ের চিত্র, তাৎক্ষণিক হালনাগাদ তথ্য এবং ভিড়ের মাত্রা বোঝানোর বিভিন্ন নির্দেশক রাখা হয়েছে। ফলে মসজিদে যাওয়ার আগেই যাত্রীরা পরিস্থিতি সম্পর্কে ধারণা নিতে পারবেন এবং সেই অনুযায়ী চলাচলের পরিকল্পনা করতে পারবেন।

দুই পবিত্র মসজিদকে নিয়ে তৈরি ইন্টারঅ্যাকটিভ মানচিত্রের সাহায্যে গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন সুযোগ সুবিধার অবস্থান জানা যাবে। পাশাপাশি মুসল্লি ও দর্শনার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী চলাচলের উপযুক্ত পথও বেছে নিতে পারবেন। এতে মসজিদ দুটির ভেতরে যাতায়াত আরও সহজ হবে।

ডিজিটাল প্ল্যাটফর্মটিতে প্রায় ৯৫০টি গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার তথ্য রয়েছে। মসজিদুল হারামের মানচিত্রে পবিত্র কাবা ঘর, মাকামে ইব্রাহিম, সাফা ও মারওয়ার মতো গুরুত্বপূর্ণ স্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, মসজিদে নববীর মানচিত্রে আল রওদাহ আশ শরিফা, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর হুজরা, নামাজের মিহরাব ও মিম্বরের মতো গুরুত্বপূর্ণ স্থান তুলে ধরা হয়েছে।

এ ছাড়া ১৭টির বেশি শ্রেণিতে এক লাখেরও বেশি সম্ভাব্য চলাচলের পথের তথ্য রাখা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেবা ও সুযোগ সুবিধার অবস্থান খুঁজে নিতে পারবেন। দর্শনার্থীদের দ্রুত তথ্য পাওয়ার সুবিধার্থে ৬৫০টির বেশি কিউআর কোডও যুক্ত করা হয়েছে। এসব কোড স্ক্যান করে বিভিন্ন স্থাপনা, সুযোগ সুবিধা ও সেবা সম্পর্কে তথ্য জানা যাবে।

গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইন্টারঅ্যাকটিভ মানচিত্রটি দুই মসজিদের ভেতরে স্থাপিত ছয়টির বেশি ডিজিটাল পর্দার সঙ্গেও যুক্ত। ফলে দর্শনার্থীরা মসজিদে অবস্থান করেই এসব পর্দার মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান ও চলাচলের পথ সম্পর্কে জানতে পারবেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার বিষয়টিও নতুন প্রযুক্তিতে বিবেচনায় রাখা হয়েছে। প্ল্যাটফর্মটিতে তাদের চলাচলের উপযোগী স্থান ও পথ চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি সবার জন্য সহজে প্রবেশ ও চলাচলের সুযোগ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

সৌদি আরবের এই উদ্যোগের লক্ষ্য হজ ও ওমরাহযাত্রীদের চলাচল সহজ করা, ভিড় ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং ইসলামের দুই পবিত্রতম মসজিদে মুসল্লিদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা।