সারাবিশ্ব

হঠাৎ জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল সৌদির রাজধানী রিয়াদ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম

হঠাৎ জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল সৌদির রাজধানী রিয়াদ
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে জোড়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়। বার্তা সংস্থা এএফপির দুই সাংবাদিক বিস্ফোরণের শব্দ শোনার তথ্য জানিয়েছেন।

পরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রিয়াদের আকাশে প্রতিহত করে ভূপাতিত করা হয়েছে।

হুথিদের লক্ষ্য করে ব্যাপক হামলা

ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে গত সোমবার ২৪ ঘণ্টায় ১১৬৪টি হামলা চালিয়ে হুথিদের কয়েকটি ঘাঁটি দখলের দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ৫৫৮ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

এ ছাড়া সোমবারের অভিযানে হুথি গোষ্ঠীর ১৩৫টি সামরিক যান ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল নুজাইলি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানান।

বার্তায় আল নুজাইলি বলেন, যুদ্ধবিমান, চালকবিহীন আকাশযান, স্থল কামান, রকেট নিক্ষেপক এবং স্নাইপার ইউনিট ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। এর ফলে হুথিদের আক্রমণ পরিচালনার অবস্থান ও রসদ সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র এবং শাবওয়া প্রদেশে সরকারি বাহিনী হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। এতে হুথিদের চলাচল সীমিত হয়ে পড়েছে এবং নতুন করে সংগঠিত হওয়া কিংবা শক্তি মোতায়েনের সুযোগ কমেছে বলে দাবি করা হয়।

সেনাবাহিনীর মুখপাত্র জানান, পশ্চিম উপকূল এবং কৌশলগত বাব আল মান্দেব প্রণালীর কাছেও সরকারি বাহিনী হুথিদের অগ্রযাত্রা প্রতিহত করেছে। পাশাপাশি হুথিদের সমাবেশস্থল ও আক্রমণ পরিচালনার অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আল নুজাইলির দাবি, সাম্প্রতিক অভিযানে হুথি বাহিনীর মাঠপর্যায়ের কমান্ডারসহ মোট ৫৫৮ জন যোদ্ধা নিহত হয়েছেন। একই সঙ্গে সরকারি বাহিনী তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধি আরও বাড়াচ্ছে।

সূত্র: এএফপি