সারাবিশ্ব
সৌদির দাম্মাম বিমানবন্দরে ভয়াবহ হামলা; নিহত ১, আহত ৮
সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার ২২ অক্টোবর সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের আঘাত হালকা থেকে গুরুতর পর্যায়ের। তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে একই দিন সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে ধেয়ে আসা একটি ড্রোন দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। ড্রোনটির ধ্বংসাবশেষ বা আঘাতের ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানানো হয়।
ইয়েমেনের হুথি বাহিনী এবং সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। দাম্মাম বিমানবন্দরের ঘটনাটি সেই ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা।
এর আগে গত ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ধরনের প্রক্ষেপণের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। এ ছাড়া গত ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক এক হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
চলমান হুথি হামলার প্রেক্ষাপটে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলোর কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি মার্কিন কূটনৈতিক মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
সম্ভাব্য হুথি হামলা সম্পর্কে নাগরিকদের সতর্ক করতে গত বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসও একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে।