সারাবিশ্ব
গাজায় ৩৫ দিনের শিশুর অনাহারে মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত ১১৬
ইসরায়েলের অবরোধ, সহিংসতা ও মানবিক সহায়তা বন্ধের মধ্যে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অপুষ্টিজনিত কারণে মাত্র ৩৫ দিনের এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে গাজা সিটির আল-শিফা হাসপাতালে।
শনিবার (১৯ জুলাই) এ মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া। তিনি বলেন, “আজ আমাদের হাসপাতালে অনাহারে অন্তত দুজন মারা গেছেন। তাদের মধ্যে ৩৫ দিনের এই শিশুটিও রয়েছে, যে পর্যাপ্ত খাদ্য না পাওয়ায় প্রাণ হারিয়েছে।”
অপরদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একের পর এক ভয়াবহ হামলায় একই দিনে আরও ১১৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৩৮ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর একটি সহায়তা কেন্দ্রের সামনে, যেখানে তারা খাবারের জন্য অপেক্ষা করছিলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গাজায় এখন এক ভয়াবহ চিত্র বিরাজ করছে। দুর্ভিক্ষের মুখে পড়া মানুষেরা প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে খাদ্যের আশায় সহায়তা কেন্দ্রে ভিড় করছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অন্তত ১৭ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।
গাজার দক্ষিণে খান ইউনিস ও রাফাহর উত্তরের দুটি এলাকায় হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার দাবি, এসব প্রাণহানির জন্য ইসরায়েলি বাহিনী সরাসরি দায়ী।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল-খালিদি আল-জাজিরাকে বলেন, “জিপ ও ট্যাংক আসতে দেখে আমরা পালানোর চেষ্টা করি, কিন্তু তারা আমাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।”
আরেকজন, মোহাম্মদ আল-বারবারি বলেন, “এই সহায়তা কেন্দ্রগুলো এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। মানুষ আসে খাবারের আশায়, আর ফিরে যায় লাশ হয়ে।”
গাজায় বর্তমান পরিস্থিতিকে “মানবিক বিপর্যয়ের চরম রূপ” আখ্যা দিয়ে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের মহাসচিব জগন চাপাগাইন বলেন, “কাউকে যেন জীবনের ঝুঁকি নিয়ে এক মুঠো খাবার সংগ্রহ করতে না হয়—এটাই আমাদের প্রত্যাশা। গাজায় দুর্ভিক্ষের বাস্তব শঙ্কা দ্রুত ঘনিয়ে আসছে।”
গাজা উপত্যকার এই করুণ চিত্র বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার মতো। শিশুদের মৃত্যু, ত্রাণকেন্দ্রে গুলিবর্ষণ ও ক্ষুধার্ত মানুষের ওপর নৃশংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পুনরায় চালুর দাবি জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবিক সংগঠন।