সারাবিশ্ব
ইতালির ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
উত্তর ইতালির লম্বার্দি প্রদেশে এক ব্যস্ত সড়কে ছোট আকারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) সকালে ব্রেসিয়া শহরের একটি হাইওয়েতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই একটি আল্ট্রালাইট বিমান প্রচণ্ড গতিতে সড়কে মুখ থুবড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান পাইলট সার্জিও রাভাগলিয়া (৭৫) এবং তার সঙ্গিনী অ্যান মারি ডি স্টেফানো (৬০)। জানা গেছে, তারা দু’জনেই মিলানের বাসিন্দা ছিলেন। সার্জিও পেশায় আইনজীবী হলেও শখের পাইলট হিসেবে নিয়মিত উড়োজাহাজ চালাতেন।
বিমানের পতনের সময় সড়কে চলতে থাকা দুটি গাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির চালকরা আহত হন। তবে চিকিৎসকদের মতে, তাদের অবস্থা স্থিতিশীল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, আগুনে ঘেরা বিমানটির পাশ দিয়ে দ্রুতগামী গাড়িগুলো ছুটে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট সড়কে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন, কিন্তু সফল হতে পারেননি।
বিমান বিধ্বস্তের খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিমানটি। ব্রেসিয়া পাবলিক প্রসিকিউটর দপ্তর ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং বিমানটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, মাত্র এক মাস আগেই জুন মাসে অহমদাবাদের লোকালয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৬০ জন নিহত হন, যার মধ্যে ২৪১ জনই যাত্রী ছিলেন।