সারাবিশ্ব
ভয়াবহ বন্যায় চীনের বৃদ্ধাশ্রমে প্রাণ হারালেন ৩১ প্রবীণ
চীনের রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে প্রবল বন্যায় একটি বৃদ্ধাশ্রমে আটকে পড়ে অন্তত ৩১ জন প্রবীণের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিলেন শারীরিকভাবে অক্ষম ও চলাফেরায় অক্ষম, ফলে তারা সময়মতো নিরাপদে সরিয়ে নিতে পারেননি।
স্থানীয় প্রশাসন ও চীনা গণমাধ্যম সূত্রে এমন তথ্য জানা গেছে। এ ঘটনায় পুরো চীনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি ঘটে বেইজিংয়ের মিয়ুন জেলার তাইশিটুন শহরে অবস্থিত একটি বৃদ্ধাশ্রমে, যেখানে মূলত শারীরিকভাবে গুরুতর অক্ষম, নিম্নআয়ের ও সামাজিক সহায়তার উপর নির্ভরশীল প্রবীণদের সেবা দেওয়া হয়। দুর্যোগের সময় সেখানে মোট ৭৭ জন বাসিন্দা ছিলেন। ভয়াবহ বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া বন্যায় ওই এলাকার পানি দ্রুত ২ মিটার (প্রায় ৬ ফুট) পর্যন্ত বেড়ে যায়, যার ফলে প্রায় ৪০ জন বাসিন্দা আটকে পড়েন।
বন্যার সময় উদ্ধারকর্মীরা বুকসমান পানির মধ্যে হেঁটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করলেও, সময়মতো সকলে উদ্ধার সম্ভব হয়নি। ভিডিও ফুটেজে দেখা গেছে, জরুরি সেবা কর্মীরা পানি ঠেলে প্রবেশ করছেন এবং প্রবীণদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই স্বীকার করেছে যে, এই মর্মান্তিক ঘটনার পেছনে জরুরি পরিকল্পনার অভাব ছিল এবং এটি তাদের জন্য একটি ‘বেদনাদায়ক শিক্ষা’ ও ‘গভীর সতর্কবার্তা’ হিসেবে বিবেচিত হবে। এক সরকারি কর্মকর্তা বলেন, “শহরের এই অংশটি দীর্ঘদিন ধরে নিরাপদ হিসেবে বিবেচিত হওয়ায় এ ধরনের জরুরি পরিস্থিতির জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়া হয়নি। এই ঘটনা প্রমাণ করেছে যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় মারাত্মক ঘাটতি রয়েছে।”
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ পরিস্থিতির পূর্বাভাস সত্ত্বেও প্রতিষ্ঠানটি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। প্রবীণদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কোনও কার্যকর ব্যবস্থা ছিল না।
চীনের বিভিন্ন গণমাধ্যমও এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির নাগরিক সমাজের পক্ষ থেকেও প্রশ্ন উঠেছে—শারীরিকভাবে অক্ষম এমন দুর্বল জনগোষ্ঠীকে নিরাপদ রাখার বিষয়ে কর্তৃপক্ষ কতটা প্রস্তুত? বিশেষ করে চরম আবহাওয়ার ঘটনা যখন ক্রমেই বাড়ছে, তখন এসব প্রতিষ্ঠানে ঝুঁকি মোকাবেলার সক্ষমতা নিশ্চিত করা কতটা জরুরি তা নতুন করে ভাবার সময় এসেছে।
এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং একই ধরনের প্রতিষ্ঠানগুলোতে জরুরি প্রস্তুতি ও নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।
চীনের ইতিহাসে এটি বৃদ্ধাশ্রমে প্রবীণদের মৃত্যুজনিত সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।