সারাবিশ্ব

গাজায় ত্রাণ নিতে গিয়ে আড়াই মাসে নিহত ১,৭৬০ ফিলিস্তিনি: জাতিসংঘ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:৪০ এএম

গাজায় ত্রাণ নিতে গিয়ে আড়াই মাসে নিহত ১,৭৬০ ফিলিস্তিনি: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় মানবিক ত্রাণ নিতে গিয়ে মাত্র আড়াই মাসে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৭৬০ জন ফিলিস্তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। চলতি মাসের শুরুতে প্রকাশিত সংখ্যার তুলনায় নিহতের সংখ্যা এবার কয়েকশ’ বেশি।

আরব নিউজ ও ফরাসি বার্তা সংস্থা এএফপি-র খবরে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী গত ২৭ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত সময়ে এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯৯৪ জনের মরদেহ পাওয়া গেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সাইটের আশপাশে, আর বাকি ৭৬৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে ত্রাণ কনভয়ের পাশে। অধিকাংশ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ত্রাণ সংগ্রহের চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি। নতুন প্রতিবেদনে এই সংখ্যা আরও বেড়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গত শুক্রবারই ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ২৩ জন নিহত হন, তাদের মধ্যে ১২ জন ছিলেন ত্রাণ সহায়তার জন্য অপেক্ষমাণ।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে।

সূত্র: আরব নিউজ, এএফপি