সারাবিশ্ব

ইন্দোনেশিয়ার সংসদে আগুন দিলেন বিক্ষোভকারীরা, পুড়ে নিহত ৩


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৫:১১ পিএম

ইন্দোনেশিয়ার সংসদে আগুন দিলেন বিক্ষোভকারীরা, পুড়ে নিহত ৩
ইন্দোনেশিয়ার সংসদে আগুন দিলেন বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় শ্রমিকদের কম মজুরি এবং রাজনৈতিক নেতাদের বিলাসী জীবনযাপনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। রাজধানী জাকার্তায় পুলিশের গাড়িচাপায় এক বিক্ষোভকারী নিহত হওয়ার পর বিক্ষোভকারীরা দেশটির সুলাওয়েসি প্রদেশের আঞ্চলিক সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয়, এতে অন্তত তিনজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে শনিবার (৩০ আগস্ট) জানানো হয়েছে, সুলাওয়েসির মাকাসার শহরে ২৯ আগস্ট রাতে সংসদ ভবনে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে। সরকারি সংবাদসংস্থা আন্তারা জানায়, নিহত তিনজন সম্ভবত সংসদ ভবনের ভিতরে আগুনে আটকা পড়ে মারা গেছেন, এবং আহতদের মধ্যে দুজন ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন।

indonasia1_Dhakaprokash.jpg

বিক্ষোভকারীরা মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সংসদ সদস্যদের ভাতা বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করেছিলেন। তাদের দাবি ছিল, সরকারের অর্থনৈতিক নীতি ও রাজনৈতিক সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক। এদিকে, তারা শিক্ষা বাজেট এবং সরকারি স্কুল মিল কর্মসূচি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।

গণবিক্ষোভ শুক্রবার সহিংস রূপ নেয়, এবং এই দিন রাজধানী জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ তাদের ওপর গাড়ি উঠিয়ে দেয়, যার ফলে এক বিক্ষোভকারী ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ ঘটনার পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি নিহত বিক্ষোভকারীর পরিবারের প্রতি শোক প্রকাশ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "পুলিশের অতিরিক্ত অ্যাকশন আমাকে হতবাক ও হতাশ করেছে।"

indonasia2_Dhakaprokash.jpg

এদিকে, শুক্রবারের সহিংসতা ও অশান্তির ফলে জাকার্তার কিছু এলাকায় লুটপাটের ঘটনা ঘটে এবং পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। বান্দুং এবং জগজাকার্তা শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যার ফলে বেশ কয়েকটি পরিবহন সেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

শনিবার, জাকার্তার মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভস্থলের কাছের একটি স্টেশনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, এবং ট্রান্সজাকার্তা বাস সার্ভিসও বন্ধ রাখা হয়েছে।