সারাবিশ্ব
৭ সেপ্টেম্বর দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ, লাল আভায় রূপ নেবে রক্তচাঁদ
আগামী ৭ থেকে ৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে দেখা যাবে বিরল এক পূর্ণ চন্দ্রগ্রহণ, যা আকাশপ্রেমীদের কাছে পরিচিত ‘রক্তচাঁদ’ নামে। এ সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়াবে। ফলে পৃথিবীর ছায়া সরাসরি চাঁদের গায়ে পড়বে এবং চাঁদ লালচে-কমলা রঙে রূপ নেবে।
চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলে। তখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ঘুরে চাঁদে পৌঁছায়। এ প্রক্রিয়ায় নীল আলো ছড়িয়ে যায়, কিন্তু লাল আলোকরশ্মি চাঁদে পৌঁছে সেটিকে লালচে আভায় রূপান্তরিত করে। এজন্যই একে বলা হয় রক্তচাঁদ।
এই চন্দ্রগ্রহণ এশিয়ার অধিকাংশ অঞ্চল, পশ্চিম অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপের কিছু অংশ, পূর্ব অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে দেখা যাবে। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকার অনেক জায়গায় এটি দৃশ্যমান হবে না। বাংলাদেশ ও ভারতের প্রায় সব জায়গা থেকেই এই দৃশ্য স্পষ্টভাবে দেখা যাবে।
সময়সূচি
পূর্ণ গ্রহণ (রক্তচাঁদ শুরু): রাত ১১টা
পূর্ণ গ্রহণ শেষ: রাত ১২টা ২২ মিনিট
পুরো গ্রহণ সমাপ্তি: রাত ২টা ২৫ মিনিট (৮ সেপ্টেম্বর)
পূর্ণ গ্রহণ স্থায়ী হবে প্রায় ৮২ মিনিট, যা এ দশকের অন্যতম দীর্ঘ সময়ের চন্দ্রগ্রহণ হিসেবে ধরা হচ্ছে।
চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা সম্পূর্ণ নিরাপদ। এর জন্য বিশেষ কোনো চশমা বা যন্ত্রের প্রয়োজন নেই। তবে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের গর্ত ও লাল আভা আরও স্পষ্টভাবে দেখা যাবে। শহরের আলো থেকে দূরে ছাদ, মাঠ বা খোলা জায়গা থেকে পর্যবেক্ষণ করাই সবচেয়ে ভালো।
ছবি তুলতে চাইলে ক্যামেরা বা মোবাইলকে ট্রাইপডে বসিয়ে দীর্ঘ এক্সপোজার (১-২ সেকেন্ড) এবং ম্যানুয়াল ফোকাস ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।