সারাবিশ্ব
ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি
নেপালে চলমান বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-নেপাল সীমান্ত। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ালে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৯ জন।
বিক্ষোভের তীব্রতা বাড়ায় নেপালে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। অপরদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (SSB) সীমান্তবর্তী অঞ্চলে সতর্কতা জারি করেছে, যাতে অস্থিরতা ভারতীয় ভূখণ্ডে ছড়িয়ে না পড়ে।
এসএসবির এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যদিও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
এই সহিংসতার পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে। দ্রুত অস্থিরতা সামাল দিতে প্রধানমন্ত্রী জরুরি মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন।
ভারত-নেপাল ১,৭৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাঁচটি ভারতীয় রাজ্য— উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও সিকিম দিয়ে বিস্তৃত। দুই দেশের মধ্যে অবাধ চলাচলের ঐতিহ্য থাকলেও প্রতিবেশী দেশে যখন রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, তখন তা নিরাপত্তা হুমকিতে পরিণত হতে পারে।