সারাবিশ্ব
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইয়েমেনে লাখো মানুষের বিক্ষোভ
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আবারও উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী সানায় অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে অংশ নেয় লাখো মানুষ।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ’ জানিয়েছে, এই বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ মানুষই ছিল হুতি গোষ্ঠীর সমর্থক। ফিলিস্তিনের পতাকা, ব্যানার আর পোস্টার হাতে তারা সানার রাজপথে জড়ো হয়। সমাবেশজুড়ে ইসরায়েলবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
এ সময়, শুধু গাজায় ইসরায়েলি হামলার নিন্দাই নয়, ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে তেলআবিবের ভূমিকারও তীব্র প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, ইসরায়েলের আগ্রাসনের শুরু থেকেই হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে। লোহিত সাগর ও এর আশপাশের জলসীমায় ইসরায়েল-মিত্রবাহিত জাহাজে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তারা। পাশাপাশি, গাজায় হামলা বন্ধের দাবিতে প্রতিদিনই ইয়েমেনজুড়ে ছোট-বড় সমাবেশ ও প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে।