সারাবিশ্ব

ট্রেডমার্ক যুদ্ধে স্টারবাকসের বিরুদ্ধে জয় পেল পাকিস্তানের সাত্তার বকশ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

ট্রেডমার্ক যুদ্ধে স্টারবাকসের বিরুদ্ধে জয় পেল পাকিস্তানের সাত্তার বকশ
ছবি: সংগৃহীত

মার্কিন বহুজাতিক কফি চেইন স্টারবাকসের বিরুদ্ধে ট্রেডমার্ক যুদ্ধে জয় পেয়েছে পাকিস্তানের করাচিভিত্তিক ক্যাফে ‘সাত্তার বকশ’। আদালতের এই রায়কে বৈশ্বিক কর্পোরেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় সৃজনশীলতার বিরল বিজয় হিসেবে দেখা হচ্ছে।

২০১৩ সালে উদ্যোক্তা রিজওয়ান আহমেদ ও আদনান ইউসুফের উদ্যোগে যাত্রা শুরু করে ক্যাফে সাত্তার বকশ। কেবল কফি নয়, তাদের অভিনব নাম ও লোগো নিয়েই শুরু হয় বিশ্বজোড়া আলোচনা। সবুজ বৃত্তে গোঁফওয়ালা পুরুষের প্রতীক এবং ‘সাত্তার বকশ’ নামটি অনেকের কাছে স্টারবাকসের নাম ও মারমেইড লোগোর সাথে সাদৃশ্যপূর্ণ মনে হয়। এ নিয়েই আইনি লড়াই শুরু হয়।

স্টারবাকস অভিযোগ তোলে যে সাত্তার বকশ গ্রাহকদের বিভ্রান্ত করছে এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের পরিচয় নষ্ট করছে। তবে ক্যাফের উদ্যোক্তারা জানান, তাদের ব্র্যান্ড অনুকরণ নয় বরং পাকিস্তানি সংস্কৃতি ও ঐতিহ্যকে ব্যঙ্গাত্মক ও সৃজনশীলভাবে উপস্থাপন করার প্রচেষ্টা। তারা লোগোর পার্থক্য, স্থানীয় সাংস্কৃতিক তাৎপর্য এবং মেনুর অনন্যতাকে আদালতে তুলে ধরেন।

অবশেষে আদালত ক্যাফে সাত্তার বকশের পক্ষে রায় দেয়। এর ফলে তারা নিজেদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

এই রায়কে পাকিস্তানের উদ্যোক্তা মহল দৃষ্টান্তমূলক জয় হিসেবে দেখছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি প্রমাণ করেছে যে স্থানীয় সৃজনশীলতা ও সাংস্কৃতিক ব্যঙ্গ বৈশ্বিক মান বজায় রেখেও বৈধ হতে পারে এবং আন্তর্জাতিক কর্পোরেট হেজিমনির বিরুদ্ধে অবস্থান নেওয়া সম্ভব।

 সূত্র: গালফ নিউজ