সারাবিশ্ব

একঘরে হয়ে পড়ছে ইসরায়েল, স্বীকার করলেন নেতানিয়াহু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

একঘরে হয়ে পড়ছে ইসরায়েল, স্বীকার করলেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধ এবং কট্টর ডানপন্থী নীতির কারণে চাপে থাকা ইসরায়েল এখন আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে এমনটি অবশেষে নিজ মুখে স্বীকার করলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, “আমরা এক ধরনের বিচ্ছিন্নতার দিকে যাচ্ছি, এবং আমাদের এমন একটি অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে যেখানে স্বনির্ভরতার গুরুত্ব অনেক বেশি।”

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এবং ইসরায়েলি দৈনিক দ্যা মার্কার এ তথ্য নিশ্চিত করেছে। নেতানিয়াহুর এই বক্তব্যকে বিশ্লেষকরা ‘একটি বড় রাজনৈতিক স্বীকারোক্তি’ হিসেবে দেখছেন। এতদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান নিয়ে ইসরায়েল বরাবরই আত্মবিশ্বাসী থাকলেও, বাস্তব চিত্র ভিন্ন হতে শুরু করেছে।

ইতোমধ্যে কানাডা, যুক্তরাজ্য ও স্পেন ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। এছাড়াও ফ্রান্স, অস্ট্রেলিয়া, নরওয়ে ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

নেতানিয়াহু তার বক্তব্যে জানান, ইসরায়েলের এখন বাইরের দেশগুলোর ওপর নির্ভরতা কমাতে হবে এবং নিজেদের অস্ত্র নিজস্বভাবে উৎপাদন করতে হবে। এ কথার মাধ্যমে তিনি কার্যত স্বীকার করলেন যে, আন্তর্জাতিক মিত্রদের সমর্থন আগের মতো আর থাকছে না।

নেতানিয়াহুর এই বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া বার্তায় তিনি বলেন, “আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হওয়া কোনো নিয়তি নয় এটা নেতানিয়াহুর ভুল সিদ্ধান্ত ও ব্যর্থ নেতৃত্বের ফল। তিনি ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশের কাতারে নামিয়ে আনছেন, অথচ পথে ফেরার কোনো চেষ্টাও করছেন না।”

বিশ্বজুড়ে ইসরায়েলের যুদ্ধনীতি নিয়ে সমালোচনা বাড়ছেই। বিশেষ করে গাজায় সামরিক অভিযান ও মানবিক বিপর্যয় সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক মহলে তীব্র বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের মুখেই উঠে এলো স্বীকারোক্তি দেশটি ধীরে ধীরে আন্তর্জাতিক মঞ্চে একঘরে হয়ে পড়ছে।